Log In

সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা ত্যাগ, কারাভোগ ও দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের আলোচনায় গিয়াস উদ্দিন আল মামুন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট জাপানে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প, ঘুমাতে পারছেন না বাসিন্দারা সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন রাজউক’র ইমারত পরিদর্শক তারিফুরের সীমাহীন দুর্নীতি! (দুর্নীতি ও অনিয়ম পর্ব-১) বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

এআরও ফারুকের বিরুদ্ধে দেড় হাজার আইফোন পাচার ও শতকোটি টাকা পাচারের অভিযোগ

এআরও ফারুকের বিরুদ্ধে দেড় হাজার আইফোন পাচার ও শতকোটি টাকা পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান ঢাকা কাস্টমস হাউসে দায়িত্ব পালনরত সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, রাজস্ব ফাঁকি, চোরাচালানে সরাসরি সহযোগিতা এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের প্রটোকল অফিসারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে আসীন। অথচ তাঁর বিরুদ্ধে অতীতে বিভাগীয় মামলা, গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদন এবং সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ চোরাই আইফোন ছাড়ের মতো গুরুতর তথ্য সামনে এসেছে।

ঢাকা কাস্টমসে ‘প্রটোকল’ আড়ালে দুর্নীতির পাহাড়

রহস্যজনক শিপমেন্ট ও ‘ডেঙ্গু’ ছুটির আড়াল: সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একটি প্রতিষ্ঠিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের শিপমেন্ট খালাসের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঘোষিত পণ্যের আড়ালে কয়েকটি কাঠের ক্যারেটের ভেতরে প্রায় ১ হাজার ৫০০ পিস আইফোন ছিল, যা শুল্ক ফাঁকি দিয়ে বের করে দেওয়া হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে। এই শিপমেন্ট ছাড়ের নেপথ্যে প্রটোকল অফিসার ফারুক আবদুল্লাহর সরাসরি ভূমিকা ছিল বলে জোরালো অভিযোগ উঠেছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শিপমেন্টটি ডেলিভারি হওয়ার পরপরই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে কয়েক দিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন। অভিযোগকারীদের দাবি, পরিস্থিতি সামাল দিতে এবং নজরদারি এড়াতেই তিনি অসুস্থতার অজুহাতে ছুটিতে গিয়েছিলেন। তবে তাঁর এই অনুপস্থিতির সঙ্গে ওই শিপমেন্টের কোনো যোগসূত্র আছে কি না, তা সংশ্লিষ্ট নথিপত্র এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে শিপমেন্টের বিল অব এন্ট্রি, আমদানি ঘোষণা, ইনভয়েস, প্যাকিং লিস্ট ও পরীক্ষণ প্রতিবেদন খতিয়ে দেখা জরুরি।

অতীতেও ছিল গোয়েন্দা নজরদারি ও শাস্তিমূলক বদলি: ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন নয়। জানা গেছে, এর আগে এয়ারফ্রেইট ইউনিটের (এসটি) দায়িত্বে থাকাকালে দুর্নীতির অভিযোগ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মৌখিক প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে সেখান থেকে সরিয়ে বিমানবন্দরে পদায়ন করা হয়েছিল।

১ অক্টোবর কাঠের ক্যারেটে দেড় হাজার আইফোন ছাড়ের গুরুতর অভিযোগ;

কিন্তু বিমানবন্দরে গিয়েও থামেনি তাঁর বিতর্কিত কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্ব পালনকালে চোরাকারবারিদের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে সোনা, মোবাইল ফোন, নিষিদ্ধ গৌরী ক্রিম এবং আমদানি নিষিদ্ধ পাখিসহ নানা অবৈধ পণ্য গ্রিন চ্যানেল দিয়ে পার করতে সহায়তা করতেন তিনি। এমনকি এসব অনৈতিক কাজে কাস্টমসের প্রটোকল সুবিধাও ব্যবহার করা হতো। এসব গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন যুগ্ম কমিশনার (জেসি) ফেরদৌসী মাহবুব তাঁকে ‘মাইক-১৪’ দায়িত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন।

 

বিভাগীয় মামলা ও শতকোটি টাকা পাচারের অভিযোগ: নথিপত্র ঘেঁটে দেখা যায়, ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) গত ৮ জুলাই ২০২৬ তারিখের একটি সরকারি পত্রে (পত্র নম্বর: ০৮.০০.০০০০.০০০.০৪৫.২৭.০০০১.২৫.২১) ৪ নম্বর ক্রমিকে তাঁর নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, তিনি নামে-বেনামে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। রাজধানী ঢাকায় অন্যের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট কেনার পাশাপাশি তিনি এরই মধ্যে প্রায় শতকোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ উঠেছে।

সিন্ডিকেট গঠন ও রাজনৈতিক অর্থায়নের প্রশ্ন: অভিযোগ রয়েছে, কর্মস্থল পরিবর্তনের পরপরই ফারুক আবদুল্লাহ কিছু অসাধু কর্মকর্তাকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন এবং এর মাধ্যমে দপ্তরে আধিপত্য বিস্তার ও অনৈতিক সুবিধা আদায় করেন।

কৌশলী ছুটিতে সন্দেহ

এনএসআই প্রতিবেদন ও চোরাচালানের দায়ে আগেও একাধিকবার সরানো হয়েছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বিভাগীয় মামলা ও আইআরডির চিঠিতে নাম থাকার পরও মিলছে প্রটোকল অফিসারের মতো স্পর্শকাতর পদ, প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কাস্টমস কমিশনার

 

তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন এবং তৎকালীন সাধারণ সম্পাদক রাজিব আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে, বর্তমান সময়েও তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করতে তিনি অর্থের জোগান দিচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে।

 

নীরব প্রশাসনের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্তের দাবি

নীরব কাস্টমস প্রশাসন, মেলেনি বক্তব্য: এতসব গুরুতর অভিযোগের পরও বিভাগীয় মামলা ও গোয়েন্দা প্রতিবেদন থাকা একজন কর্মকর্তাকে কীভাবে কমিশনারের প্রটোকল অফিসারের মতো পদে রাখা হয়েছে তা নিয়ে জনমনে ও দপ্তরের ভেতরে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুঃ রইচ উদ্দিন খানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগগুলোর বিস্তারিত উল্লেখ করে লিখিত প্রশ্ন পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের দাবি, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং কাস্টমস প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে ১ অক্টোবরের শিপমেন্টের সমস্ত নথি, সিসিটিভি ফুটেজ, আইআরডির বিভাগীয় মামলার নথি এবং অতীতের বদলির আদেশগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা এখন সময়ের দাবি।

অভিযোগগুলোর বিষয়ে জানতে ফারুক আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *