জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কখনো ভুলবো না
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাঁদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবো।
রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: Voices from Australia’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে জামায়াত আমিরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি-এর নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।