কেমন বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী, জানালেন স্ত্রী জুবাইদা
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
এসময় প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সাতটি ঘরের চাবি হস্তান্তর করেন। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশও করেন।
জুবাইদা বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাকে হারাতে হয়েছে। তিনি শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।